ব্যুরো চীফ, খুলনা:
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখার দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রূপসা ঘাট এলাকার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এ শাখায় চুরির ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে রূপসা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি রাখা ছিল। রাত ১০টার দিকে খবর পান, ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোরেরা। ভল্ট থেকে তারা মাত্র ১,৪০০ টাকা উদ্ধার করেছেন, বাকি টাকা চুরি হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, চোরেরা কয়েকটি তালা ভেঙে ব্যাংকে প্রবেশ করে এবং পরে ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়। ব্যাংকে সবসময় সিকিউরিটি থাকার কথা থাকলেও, ঘটনার সময় নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিলেন না।








