,

ট্রাম্প পুতিন বৈঠক: ‘বড় দুই জয়’ পেলো পুতিন

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে কোনো চুক্তি হয়নি। শনিবার (১৬ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কোনো ধরনের সমঝোতা না হলেও এই বৈঠক থেকে পুতিনের বড় দুই জয় হয়েছে বলে সিএনএনের লাইভ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিএনএন জানায়, বৈঠকে ট্রাম্পকে কিছুটা বিচলিত ও ক্লান্ত দেখাচ্ছিল, অন্যদিকে পুতিন ছিলেন অটল। তিনি যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেন এবং কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের সতর্ক করে বলেন, ট্রাম্পকে যে আলোচনার প্রক্রিয়ায় এনেছেন, এতে যেন তারা হস্তক্ষেপ না করে।

পুতিন বলেন, “আমরা আশা করছি কিয়েভ ও ইউরোপীয় রাজধানীগুলো বিষয়গুলো গঠনমূলকভাবে গ্রহণ করবে। কোনো বাধা সৃষ্টি করবে না, উসকানি বা পর্দার আড়ালে ষড়যন্ত্রের মাধ্যমে অগ্রগতি ব্যাহত করবে না।”

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক থেকে পুতিনের প্রথম জয় হলো যুক্তরাষ্ট্রের অভ্যর্থনা। তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয়েছে এবং তার যাত্রা ছিল ভারী সাজোয়া যানে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৩ সালের মার্চে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ একজন অভিযুক্ত যুদ্ধাপরাধীর জন্য সুনাম পুনরুদ্ধারের বিরল দৃষ্টান্ত।

দ্বিতীয় জয় হলো সময়। পুতিন তার বাহিনীকে ফ্রন্টলাইনে আরও এগিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত সময় পেলেন। এখনো স্পষ্ট নয়, ট্রাম্প যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কি না। তবে বৈঠকে পুতিনকে মোটেও তাড়াহুড়া করতে দেখা যায়নি, বরং তিনি পরবর্তী বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, শুক্রবার আলাস্কায় তাদের বৈঠক “খুবই ফলপ্রসূ” হলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়নি।

রয়টার্স জানিয়েছে, বৈঠক শেষে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা আসেনি। এই আলোচনা আদৌ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে কি না, তা এখনও অনিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ