ব্যুরো চীফ, বরিশাল:
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের তালাবদ্ধ বসতঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে উল্লাস করেছে প্রতিপক্ষের লোকজন—এমন অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) ভোরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর এলাকায়।
শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, বিদ্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার ছেলে–মেয়েরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। বাড়িটি তালাবদ্ধ থাকলেও মাঝে মাঝে তারা সেখানে যাতায়াত করতেন।
তিনি আরও বলেন, শনিবার ভোরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে উল্লাস করতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মরহুম মতিউর রহমানের ছেলে হারুন-অর-রশিদ অভিযোগ করে বলেন, পাশের ইদ্রিস আলী, শিমুল, জাহিদ, মিলনদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে শনিবার ভোরে তারা বসতঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে উল্লাস করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








