পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে তাকে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান আজিজুর রহমান। এ সময় তিনি মারধরের শিকার হন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।








