মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সৈরাচারী সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের সৈরাচারী ১৬ মাসের শাসনের অভিজ্ঞতা থেকে যদি বিএনপি ১৬ মাসে একইভাবে পরিচালনা করে, তবে জনগণ এই মুহূর্তে বিএনপির কাছ থেকে সমর্থন ফিরিয়ে নেবে।”
১৬ আগস্ট শনিবার বিকেল ৫টায় ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজরিত মাকড়াই স্থানে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক বীর (প্রতীক)।
সমাবেশে সাবেক মন্ত্রী ও জননেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছিলাম। পরবর্তীতে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারিনি। আবার এ দেশে যুদ্ধ হবে, তা হবে চেতনার যুদ্ধ, বারুদের নয়। এই চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।”
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঘাটাইলের মাকড়াই স্থানে পাক বাহিনীর সঙ্গে সরাসরি লড়াই হয়। তখন ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক আব্দুল কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় হাতেম নামের এক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহীদ হন। পরবর্তীতে প্রতি ১৬ আগস্ট কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা ঘাটাইলের এই স্মৃতি বিজরিত স্থানে ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছে।








