সুনীল দাস, ব্যুরো চীফ, খুলনা:
খুলনায় যথাযোগ্য মর্যাদায় গীতা পূজা, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর শীতলাবাড়ী মন্দিরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। তিনি বলেন, “বিএনপির শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল। ক্ষমতায় এলে ভবিষ্যতেও দেশে কোনো সাম্প্রদায়িক বিভাজন থাকবে না, এমন দৃষ্টান্ত স্থাপন করা হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এ দেশে বসবাসকারী হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান সবাই বাংলাদেশী। বিএনপি সেই রাজনৈতিক আদর্শকে ধরে এগিয়ে চলেছে। যারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়, তারা কোনোদিন সফল হবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আবহমানকাল ধরে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে এবং সব ধর্মকে সম্মান করে।”
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, ভারত সেবাসংঘের স্বামী ধ্রুব মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত সেবাসংঘের স্বামী ধ্রুব মহারাজ। পরে শীতলাবাড়ী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








