সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে দু’দিনব্যাপী জন্মাষ্টমীর উৎসব শুরু

দিব্যতনু দাস, বাগেরহাট:

হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাগেরহাট জেলায় দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাগেরহাট জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শনিবার শালতলা হরিসভা মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দ মহারাজ।

এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলি রবি।

জয়ন্ত কুন্ডু বলেন, “যখন ধর্ম পরাজিত হয়, দুষ্কৃতকারী ও অন্যায়কারীদের বিনাশ করতে যুগে যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মোহন লাল হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবলা হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তারাপদ দাম, অভিজিৎ দেবনাথ, নিলয় কুমার দে, স্বপন সাহা ও কিশোর কুন্ডু।

এরপর ঢাক-ঢোল, শাখ-সানাই ও ব্যান্ডের তালে তালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা অর্চনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। দুই দিনব্যাপী পূজা অর্চনাসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ