পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ১০টার পর ফারুকীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।
তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান এবং হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। তবে এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন এবং তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। পরিস্থিতি গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে তাঁকে নিতে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়। সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে রোববারের কর্মশালা স্থগিত করা হয়েছে।








