,

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কর্মীকে পুলিশে দিলো বিএনপি

আহসানুল কবির হিরো, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবন হোসেন নামে এক কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জীবন হোসেন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে জীবন হোসেনের কথোপকথন রেকর্ড হয়। সেই অডিও বিএনপির নেতাকর্মীদের হাতে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করেন। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে রোববার তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “জীবন হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রোববার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “জীবন নামে একজনকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ