সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় এনসিপি নেতার জমির বেগুন গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের জমিতে লাগানো বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজ গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার।

ভুক্তভোগী নাজমুল হাসান সোহাগ জানান, “বেগুন গাছগুলোতে ইতোমধ্যেই ফুল ও গুটি আসতে শুরু করেছিল। এসব জমির আয় দিয়েই আমাদের পরিবার চলে। আমি বুঝতে পারছি না, কারা এবং কেন সম্পূর্ণ জমির ফসল নষ্ট করল। আমার জানামতে আমাদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।”

নাজমুল হাসান সোহাগ বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, “ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ ঘটনায় গাইবান্ধা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ