,

ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতি শফিকুল ইসলাম অপু ঢাকায় গ্রেপ্তার

আহসানুল কবির হিরো, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তিনি আসামি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে আনা হচ্ছে।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে শফিকুল ইসলাম অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকার একটি বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ