বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাছের পোনা উৎপাদনে দেশ সেরা বরিশালের রাসেল সরদার

ব্যুরো চীফ, বরিশাল:

মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে স্বর্ণপদক, অর্থ ও সনদপত্র গ্রহণ করেছেন বরিশালের রাসেল সরদার মেহেদী।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য রাসেল সরদার মেহেদীকে এই সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন এবং মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

সূত্রের খবর অনুযায়ী, মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে দেশের মধ্যে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি স্বরূপ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে এবং যমুনা মৎস্য খামারের স্বত্বাধিকারী রাসেল সরদার মেহেদীকে এই সম্মাননা প্রদান করা হয়।

মৎস্য চাষী রাসেল সরদার মেহেদী বিগত ১৭ বছর ধরে দেশি ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং মাছের খাবার উৎপাদন করে বাজারজাত করে আসছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে স্বর্ণপদক, অর্থ ও সনদপত্র গ্রহণ করা রাসেল সরদার মেহেদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত প্রার্থী।

রাসেল সরদার মেহেদী বলেন, “প্রধান উপদেষ্টার হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ আমার জন্য একটি গর্বের মুহূর্ত। এটি আমাকে মৎস্য চাষে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে আরও বেশি করে দেশি মাছের পোনা উৎপাদন করে দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করবো।”

আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, “রাসেল সরদার মেহেদী একজন আদর্শ মৎস্য চাষী। তার উৎপাদিত মাছের পোনা এলাকার চাহিদা মেটিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হচ্ছে।”

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, “রাসেল সরদার মেহেদী একজন সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুণসম্পন্ন একজন ব্যক্তি। তিনি সফল মৎস্য চাষী হিসেবে এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়েও পুরস্কার লাভ করেছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে বরিশাল জেলায় পোনা উৎপাদন ক্যাটাগরিতে এবারই প্রথমবার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ