পথে প্রান্তরে অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছে মন্ত্রণালয়। সরকারের প্রধান লক্ষ্য হবে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা কোনো বৈষম্যের শিকার না হন।
এ সময় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
এ ছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজন করা হবে।








