দিব্যুতনু দাস, বাগেরহাট:
বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ভেসে থাকার পর ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামের ফিশিং বোটটি ৮ জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে বোটটি মাঝসমুদ্রে ভেসে থাকে।
তিন দিন পর ১৭ আগস্ট সকাল ১০টার দিকে মোবাইল নেটওয়ার্কে সংযোগ পাওয়ার পর এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করেন। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্টগার্ডের জাহাজ “স্বাধীন বাংলা” মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫নং বয়া এলাকা থেকে মাছধরা ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করে।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান শেষে ট্রলারটিকে নিরাপদে নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে। উপকূল ও উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।








