ব্যুরো চীফ, বরিশাল:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এর আগে সকালে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল বাসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।








