ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। চোরচক্রকে আটক করতে না পারায় ক্ষোভ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। গত কয়েকদিনে একাধিক দোকান, মাদ্রাসা, বাসা ও মসজিদে চুরি সংঘটিত হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী।
জানা গেছে, রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা এলাকার একটি মুরগির দোকানে চুরি হয়। এর আগে টরকী বন্দর স্কুল রোডের পুলিশ ক্যাম্পের সামনে সজীব ক্লথ স্টোর নামের দোকান থেকে নগদ টাকা ও থ্রি-পিস নিয়ে যায় চোরেরা।
গত সপ্তাহে জুমার নামাজের সময় টরকী বন্দরের একটি মুদি দোকানের ক্যাশ ভেঙে নগদ টাকা চুরি হয়। একই সপ্তাহে দুটি মাদ্রাসাতেও চুরির ঘটনা ঘটে।
স্থানীয় কলেজ ছাত্র মাহামুদুর রহমান অভিযোগ করেন, দিনের বেলায় তার বাসা থেকে মোবাইল ফোন চুরি হয়েছে। থানায় জিডি করলেও পুলিশ এখনো মোবাইল উদ্ধার করতে পারেনি।
টরকী বন্দরের বাসিন্দা মিশরী ইসলাম জানান, দেড় মাস আগে তার ও পাশের এক স্কুল শিক্ষকের বাসায় দূর্ধর্ষ চুরি হয়। প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি হলেও পুলিশ এখনো চোরচক্রকে গ্রেপ্তার করতে পারেনি।
উপজেলার পূর্ব গেরাকুল জামে মসজিদের ইমাম মো. মামুন বলেন, সম্প্রতি মাগরিবের নামাজের সময় মসজিদের রুম থেকে তার মোবাইল চুরি হয়। থানায় ডায়েরি করা হলেও এখনো মোবাইল উদ্ধার হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় কোনো সুরাহা না হওয়ায় অনেকেই নতুন করে থানায় অভিযোগ করতে নিরুৎসাহিত হচ্ছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আগের তুলনায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। কিছু নেশাগ্রস্ত ব্যক্তির উৎপাত বেড়েছে। স্বর্ণচুরির ঘটনায় ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জোরালোভাবে কাজ করছে। পাশাপাশি তিনি চুরি প্রতিরোধে সচেতন এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান।








