জেলা প্রতিনিধি, পাবনা:
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা। সব শ্রেণির মানুষ জীবন দিয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয় পাওয়া যায় না। মাসের পর মাস মর্গে মরদেহ পড়ে থাকে, আবার অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।”
সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাইরে গেলেই তাকে জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলের মর্গে ৬ জনের লাশ পড়ে আছে, যাদের পরিচয় পাওয়া যায়নি।”
ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, “ওই সময়ে সাংস্কৃতিক কর্মীদের উপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোনো শিল্পী যদি খুনি হাসিনার বিরুদ্ধে গান রচনা করত, তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইডলাইনে সরিয়ে রাখা হতো, যাতে তারা জাতীয়তাবাদী পক্ষে গান না করতে পারে। অন্যদিকে আওয়ামীপন্থী শিল্পীদের দেওয়া হতো নানা সুযোগ-সুবিধা।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকেই এগিয়ে আসতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে নেতৃত্ব দেওয়ার মতো উদার মানসিকতা ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, “সাংস্কৃতিক কর্মীরা প্রায়ই অবহেলিত থাকে। অথচ এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেককে সহায়তা দিয়েছি। বন্যাকবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।”
জাসাস পাবনা জেলা সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা প্রমুখ।








