ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে হাসপাতালে চিকিৎসাধীন ওই এলাকার সৌদি প্রবাসী শাহাবুদ্দিন সরদারের স্ত্রী লিপি বেগম (৪৫) অভিযোগ করে বলেন, প্রতিবেশী মোসলেম সরদারের সঙ্গে মাত্র দুই শতক জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা দায়েরের পর সম্প্রতি মামলার রায় আমাদের পক্ষে আসে। কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের রায় মানতে নারাজ।
তিনি আরও বলেন, মোসলেম সরদার জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসলে আমি কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে আদালতের রায় পর্যালোচনা করে এবং উভয়ের কাগজপত্র দেখে আমার জমি আমাকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর আমি ওই জায়গায় একটি গরুর ঘর নির্মাণ করি।
লিপি বেগম বলেন, গরুর ঘর নির্মাণের পর গত ১৭ আগস্ট সকালে মোসলেম সরদার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে হঠাৎ নির্মাণাধীন গরুর ঘরের চালা জোরপূর্বক খোলার চেষ্টা করে। আমি তাদের বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে আমাকে গুরুতর আহত করে এবং শ্লীলতাহানি করে।
একপর্যায়ে আমি (লিপি) জ্ঞানশূন্য হয়ে পড়লে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গ্রামবাসী অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও লিপি বেগম উল্লেখ করেন।
কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








