বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা, নেপথ্যে ‘ময়েজ বাহিনী’

পথে প্রান্তরে অনলাইন ডেস্কঃ

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে অস্ত্র তৈরির গোপন আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। এসময় দুজনকে আটক করা হলেও আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ‘ময়েজ বাহিনী’ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে ডিবি পুলিশ ও আতাইকুলা থানা যৌথভাবে বিশেষ অভিযান চালায়। ভোরে বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডার সদৃশ উপকরণসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন,
‘চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষে আটকদের পরিচয় জানানো হবে।’

এদিকে স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় আড়ালে থাকলেও রাতে তারা প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেড়াতো। এতে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ