পথে প্রান্তরে অনলাইন ডেস্কঃ
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ সময়সূচি থেকে পেছানোর কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার নির্বাচন আয়োজন নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো নানা উদ্দেশ্যে নানা কথা বলে থাকে। এটা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। নির্বাচনের সময়েও কে কী বলবেন—সেটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) একজন সর্বজনস্বীকৃত ও আন্তর্জাতিকভাবে নন্দিত মানুষ। তিনি নিজেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার বাইরে যাওয়ার কোনো চিন্তাই সরকারের নেই।”
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের (ইসি) সংস্কার সংক্রান্ত সুপারিশের বিষয়ে আসিফ নজরুল জানান, আগামী দু’এক মাসের মধ্যেই এ নিয়ে আইন প্রণয়ন করা হবে। আজ থেকেই সে বিষয়ে কাজ শুরু হয়েছে।








