ব্যুরো চীফ, বরিশাল:
টিকটকে পরিচয়ের সূত্র ধরে নববধূকে নিয়ে পালানোর সময় রবিন সরদার (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের কায়েতমারা গ্রামে।
আটক রবিন সরদার একই ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কায়েতমারা এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) আব্দুল মালেক জানান, টিকটকের মাধ্যমে কায়েতমারা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে তানজিলার সঙ্গে রবিনের পরিচয় হয়। সে সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সূত্র ধরে রবিন দাবি করেন, তানজিলা মোবাইল ফোনে তাকে এলাকায় ডেকেছিলেন। তবে তানজিলা আক্তার বিষয়টি অস্বীকার করেছেন।
আব্দুল মালেক আরও জানান, গত ২৬ জুলাই তানজিলার বিয়ে হয়। পাঁচ-ছয় দিন আগে সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পরে গত ১৯ আগস্ট রাত আটটার দিকে রবিনের সঙ্গে পালিয়ে যাবার সময় এলাকাবাসী তাদের আটক করে।
আটকের পর রবিনের নাম ও পরিচয় জানা যায়। পরে রবিন দাবি করেন, তানজিলা নিজের বিয়ের বিষয়টি গোপন রেখে টিকটক করতেন। তাদের মধ্যে টিকটকে পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে রবিনের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বলে তাকে এলাকায় ডাকেন তানজিলা।
স্থানীয় ইউপি সদস্য রাসেদ বেপারী বলেন, ওই দুইজনকে আটক করার পর তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে মেয়েটিকে রাতেই তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রবিনের অভিভাবক উপস্থিত না হওয়ায় তাকে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।








