ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
এ সময় আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের কর্মসূচি চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা থানায় মামলা করতে গেলে তারা মামলা নেয় না। সর্বশেষ বুধবার রাতে আমরা এজাহার দায়ের করেছি, কিন্তু থানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেটি এজাহার হিসেবে গ্রহণ করেনি।”
পরে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হলে এসে শেষ হয়।








