ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় খালে ডুবে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আশোকাঠী বাসস্ট্যান্ডসংলগ্ন পালরদী খালে গোসল করতে নেমে নিখোঁজ হন এক সন্তানের জননী উম্মে হানিয়া বিথী (৩৫)।
গৃহবধূ বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের প্রবাসী রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।
মৃতার পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, বিথী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার সকালে বিজয়পুরে বাবার বাড়ি থেকে বের হয়ে পালরদী খালে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
স্টেশন অফিসার বিপুল হোসেন আরও জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর একটার দিকে খাল থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।








