সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যারা পিআর পদ্ধতি চায়, তারাই তিনশ আসনে প্রার্থী দিয়েছে: আলাল

ব্যুরো চীফ, বরিশাল:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, তারাই ইতোমধ্যে তিনশ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কীভাবে? পিআর পদ্ধতি হলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজন নেই।”

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে আলাল বলেন, “যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না, তারা আসলে বয়স, আবেগ ও অপরিপক্বতার কারণে এসব বলছেন। দেশের মানুষ পান্তাভাত পানি দিয়ে খাচ্ছে, অথচ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাতবিরাতে হাসের মাংস খুঁজছেন। তাদের কথাবার্তায় কতটা গুরুত্ব দেওয়া উচিত, তা আমাদের বিবেকেই প্রশ্ন তোলা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি ভবিষ্যতে ওই বয়সের তরুণরাই নেতৃত্বে আসবে। তবে তাদের আগে থেকেই অভিজ্ঞ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের কাছ থেকে শিখে সংযত আচরণ করা উচিত। এতে গণতন্ত্রের বিকাশ ঘটবে।”

নির্বাচন নিয়ে আলাল বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। একটি একাউন্টেবল সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। বর্তমানে এ ধরনের সরকার না থাকার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না। জবাবদিহিমূলক সরকার এলে অর্থনীতিও সমৃদ্ধ হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “তার বিরুদ্ধে একটি স্পর্শকাতর মামলা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। রায় ঘোষণার পর যদি তিনি খালাস পান, তাহলে সমস্ত মামলা থেকে মুক্ত হয়ে তিনি দেশে ফিরবেন বলে আমাদের ধারণা।”

মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ