,

বরিশালে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে ডোবার পানিতে ডুবে তামিম সরদার (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে।

নিহত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার শিক্ষার্থী ছিল।

মাদরাসার কয়েকজন ছাত্র জানান, শুক্রবার সকালে সবার অগোচরে তামিম অপর এক সহপাঠীকে নিয়ে পাশের ডোবায় গোসল করতে নামে। এ সময় তামিম পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ