আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে হাসাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়ায় এ কর্মীসভা হয়। সভায় সভাপতিত্ব করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিন খান। এছাড়াও হাসাড়া ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “কোনো প্রকার চাঁদাবাজি, দখলদারিত্ব বা অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি জনগণের দল।”
তিনি আরও বলেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা যে সমস্যাগুলোর কথা জানিয়েছেন, সেগুলো সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।








