অনলাইন ডেস্ক:
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান জানান, কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় এক বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রমনা থানার পাঠানো নিখোঁজের ছবির সঙ্গে মরদেহের মিল পাওয়ার পর রমনা থানাকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহটি বর্তমানে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে; পরিবারের সদস্যরা শনাক্ত করার পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে যে মরদেহ পাওয়া গেছে, সেটি বিভুরঞ্জন সরকারেরই বলে আমরা প্রায় নিশ্চিত হয়েছি। পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি ভুলবশত মোবাইল ফোন বাসায় রেখে যান এবং অফিসেও পৌঁছাননি। পরবর্তীতে রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
১৯৫৪ সালে জন্মগ্রহণ করা বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এ মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র এবং সাপ্তাহিক মৃদুভাষণ-এ সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক জায়যায় দিন-এ ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ ব্যাপক জনপ্রিয়তা পায়।








