বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২২ আগস্ট) সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ফৌজদারি মামলায় দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার যেকোনো বক্তব্য বা অডিও প্রচার আইনত সম্পূর্ণ নিষিদ্ধ, যা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল। তবে সম্প্রতি কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে তার উসকানিমূলক বক্তব্য প্রচার করেছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সরকার সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যম ও ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের মতে, শেখ হাসিনার বক্তব্য প্রচার দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি বাড়ায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারী হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন, এবং আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, দলের কার্যক্রম বা বক্তব্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে দেশ ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বন করে কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ