ব্যুরো চীফ, বরিশাল:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।”
শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আলাল আরও বলেন, “পিআর পদ্ধতি পৃথিবীর বেশিরভাগ দেশে অস্থিতিশীল সরকার সৃষ্টি করে। যারা পিআর পদ্ধতির কথা বলেন, তাদের অনেক কর্মীই আসলে এটি সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না।”
তিনি বলেন, “মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি আগেভাগেই একমত হয়ে যায় তবে সেটা বাকশাল হবে। মতভিন্নতা থাকবে, তবে জেদ ধরে ‘আমার মতোই হতে হবে’—এমন মানসিকতা রাজনৈতিক ব্যাকরণেও পড়ে না, সামাজিক শিষ্টাচারেও মানায় না।”
অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








