,

ছাত্রদল নেতাকে ফাঁসাতে যুবদল নেতার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ব্যুরো চীফ, বরিশাল:

পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতাকে ফাঁসাতে রাতের আঁধারে বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় যুবদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মাদক বিক্রির টাকার লেনদেনকে কেন্দ্র করে গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চিনুর সঙ্গে স্থানীয় যুবক আমিনুল ইসলামের বিরোধ বাধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে চিনু আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত ১৯ আগস্ট তিনি এলাকায় ফিরে আসেন এবং স্থানীয়দের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে যুবদল নেতা সিরাজুল ইসলাম চিনুর বসতঘরের বৈদ্যুতিক মিটারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। তবে বাড়ির লোকজন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, “সিরাজুল ইসলাম চিনু একাধিক মাদক মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। এখন তার ঘরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি নাটকীয়ভাবে সাজিয়ে আমার ও ছাত্রদল কর্মীদের ওপর দায় চাপিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।”

অন্যদিকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সিরাজুল ইসলাম চিনু বলেন, “আমার ওপর হামলার ঘটনায় আমি ছাত্রদল নেতা আব্দুর রহিম ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে তারাই আমার ঘরে অগ্নিসংযোগ করেছে।” তিনি আরও জানান, এ ঘটনায় তিনি আব্দুর রহিম ও সৈকত মণ্ডলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ