দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকালে ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম চুরি হওয়া মালামাল উদ্ধারে সহায়তা করেন। এ কারণে শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকি তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে শনিবার সকালে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনতা ফকিরহাট বাজার থেকে ওই দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মাংস বিক্রেতা বাচ্চু শেখ ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ভুক্তভোগী সাইফুল ইসলাম ও আব্দুল হালিমও পৃথক মামলা করবেন বলে জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে আটক যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রোববার (২৪ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”








