অনলাইন ডেস্কঃ
বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল।
শনিবার (২৩ আগস্ট) রাতে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা নৈশভোজেও অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এ ছাড়া বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিযামী ও মুহাম্মদ উমায়ের লতিফ, পরিচালক দিলদার আলি আবরো এবং ডেপুটি চিফ অব প্রোটোকল হাফিজ উল্লাহ।
বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সফরকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করবেন।
আগস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তান মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে ঢাকায় এলেন।
সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তার। সেখানে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।








