অনলাইন ডেস্কঃ
বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। তাদের আশা, এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। এ ছাড়া তৈরি পোশাক, কৃষি খাত এবং বাণিজ্যের ডিজিটালাইজেশন নিয়েও আলোচনা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরের মধ্যেই রোববার (২৪ আগস্ট) প্রকাশিত দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা-করাচি বাণিজ্যিক সংযোগে নতুন উদ্যোগের আলোচনাটি হয় সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের মধ্যে। এক দিনের ওই সফরে জাম কামাল খানকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাগত জানায়। এরপর তিনি ও বশিরউদ্দিন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশি জাহাজভাঙা শিল্পও পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা পুনরায় চালুর পাশাপাশি বাণিজ্যের ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন। আলোচনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, শিগগিরই একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত আলোচনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।
করাচিতে আগামী ২৫-২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, চামড়া ও অপরিহার্য পণ্যের মতো খাতেও দ্বিপাক্ষিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আফ্রিকা ও মধ্য এশিয়ায় পণ্য রপ্তানির জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ার প্রস্তাবও আলোচনায় আসে।
জাম কামাল খান ও বশিরউদ্দিন চট্টগ্রামের কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ-পাকিস্তান যৌথভাবে জাহাজ নির্মাণ, ভাঙা ও পুনর্ব্যবহার শিল্পে কাজ করার সম্ভাবনা নিয়ে ব্রিফিং দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের ইতিহাস, কার্যক্রম এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।








