বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছিনতাইকারী ভাইয়ের চোখ উপড়ে ফেলল অপর দুই ভাই

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের মুলাদী উপজেলায় স্বর্ণালংকার ও টাকা আত্মসাতের জেরে দুই ভাই মিলে অপর ভাইয়ের চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত সিরাজুল ইসলাম রিপন বেপারী (৩৬) বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে। আহত রিপন বেপারী ওই গ্রামের আরশেদ আলী বেপারীর সেজো ছেলে।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি অভিযোগ আছে।

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, রিপন দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। ওই অর্থ ও স্বর্ণালংকার তিনি তার মেঝো ভাই রোকন বেপারীর কাছে গচ্ছিত রেখেছিলেন বলে দাবি করতেন। প্রায় তিন মাস আগে রিপন গচ্ছিত সম্পদ ফেরত চাইলে রোকন অস্বীকার করেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠক হলেও সমাধান হয়নি।

রিপনের বড় ভাই খোকন বেপারী বলেন, ২২ আগস্ট বিকেলে রিপন ঢাকায় থেকে বাড়ি এসে রোকনের কাছে গচ্ছিত অর্থ ফেরত চান। রোকন অস্বীকার করলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরে রাত ১১টার দিকে ফের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে তাদের বাবা আরশেদ বেপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর ও চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন। বাবার নির্দেশে রোকন ও ছোট ভাই স্বপন রিপনকে পিটিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে।

আহত রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা রোকনের কাছে গচ্ছিত রেখেছিলেন। সেই সম্পদ আত্মসাতের জন্যই রোকন ও স্বপন নির্মমভাবে তার বাবার দুই চোখ নষ্ট করেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. টিপু সুলতান জানান, ২২ আগস্ট দিবাগত রাতে রিপনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তার দুই চোখ সম্পূর্ণ উপড়ে ফেলা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুলাদী থানার এসআই মো. মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ