(প্রতীকী ছবি)
অনলাইন ডেস্কঃ
পুণে (ভারত) – স্বামী বাপু কোমকারকে লিভারের অংশ দান করেছিলেন তার স্ত্রী কামিনী কোমকার। কিন্তু প্রতিস্থাপনের পর দু’জনেরই মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পুণেতে। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর এ ঘটনায় বেসরকারি হাসপাতালটিকে নোটিশ দিয়েছে এবং বিস্তারিত জবাব দিতে বলা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, লিভার প্রতিস্থাপনের পর বাপু কোমকারের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। রোগীর শরীরে বিভিন্ন জটিলতা থাকায় ১৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে ২১ আগস্ট কামিনী কোমকারের শরীরে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানান, হাসপাতালে সমস্ত চিকিৎসা সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে রোগীদের বয়ানসহ ভিডিওও দাখিল করতে বলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্তে সব ধরনের তথ্য সরবরাহ করতে প্রস্তুত এবং কোমকার পরিবারকে সমবেদনা জানিয়েছে। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, বাপুর শারীরিক জটিলতা এবং প্রতিস্থাপনের ঝুঁকি পরিবারের সঙ্গে ভাগাভাগি করা হয়েছিল।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, লিভার দানকারী কামিনী প্রথম দিকে সুস্থ ছিলেন। কিন্তু আচমকাই সেপটিক শক দেখা দেয় তার, যার ফলে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যুর কারণ হয়। হাসপাতাল নিশ্চিত করেছে, ঘটনার সকল তথ্য তদন্তে স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে।








