ব্যুরো চীফ, বরিশাল:
ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, ভালো মানুষের অভাবেই দেশে দুর্নীতি বাড়ছে। দুর্নীতি কমাতে হলে সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষ তৈরি করা, আর সেই কাজের শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষই একজন শিক্ষার্থীকে ভালো মানুষ বানানোর প্রথম স্তর। আমরা আশা করি, সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরালো হবে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
বাংলাদেশে উন্নয়ন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এ কূটনীতিক জেলা শিক্ষা অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে তিনি টিআইবির বরিশাল কার্যালয়ও পরিদর্শন করেন।
বেলা ১১টার দিকে জেমস গোল্ডম্যান বরিশাল সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের নানা সীমাবদ্ধতা ও সংকটের কথা তাকে জানানো হয়। সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সনাক সভাপতি গাজী জাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ সাজেদা, শুভংকর চক্রবর্তী ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।








