নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ প্রকারের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করেছে চীন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এই সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের বন্যা মোকাবিলায় এই সরঞ্জাম দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনেও চীন যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে।”
বন্যায় জরুরি উদ্ধার সরঞ্জামের মধ্যে রয়েছে—
- ৫০০টি লাইফ ভেস্ট,
- ৫০০টি রেসকিউ হেলমেট,
- ৫০০ জোড়া রেসকিউ বুট,
- ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস,
- ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট,
- ২৫০টি রেসকিউ রোপ ও ২৫০ সেট রেসকিউ রোপ ব্যাগ,
- ১০০টি ইঞ্জিনচালিত রাবার বোট,
- ১০০ সেট লাইফ র্যাফ্ট,
- ৫০টি ফ্লোট প্লেট,
- ৫০টি রেসকিউ প্যানেল,
- ২৫টি সফট স্ট্রেচার,
- ১৫টি ওয়াটার পিউরিফিকেশন ইকুইপমেন্ট,
- ১০ সেট ডিজেল জেনারেটর এবং
- ৬ সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ যন্ত্র।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, “চীন সরকারের এ অনুদান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক এই সরঞ্জামগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা আরও দক্ষতার সঙ্গে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে পারবে। এ ধরণের সহায়তা আমাদের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি’র হেড অব ডেলিগেশনসহ উর্ধ্বতন কর্মকর্তা, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা সরঞ্জামের একটি অংশ প্রদর্শন করেন।








