ব্যুরো চিফ, বরিশাল:
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চাচাতো ভাইয়ের জানাজায় এসে গ্রেপ্তার হয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত করিম ডাকুয়ার ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, বিগত পতিত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করতেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
গত বছরের ৭ জুলাই লোকমান হোসেন ডাকুয়া সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক লোক উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নজরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসেবে নেন।
এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত ৩০–৩৫ জনের বিরুদ্ধে চলতি বছরের ১২ জুন নজরুল ইসলাম মামলা দায়ের করেন।
মামলার পূর্বেই, গত বছরের ৫ আগস্টের পর থেকে লোকমান হোসেন ডাকুয়া নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “নিয়ামতি ইউনিয়নের নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
লোকমান হোসেন ডাকুয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারের সাথে লোকমান হোসেন ডাকুয়ার কোন সরাসরি সম্পৃক্ততা নেই। সূত্র আরও জানায়, বংশীয় চাচাতো ভাইয়ের জানাজায় অংশগ্রহণের জন্য লোকমান হোসেন ডাকুয়া ২৬ আগস্ট বিকেলে বাড়িতে আসেন। এ খবর পাওয়া মাত্রই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।








