নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শ্যামলী (৩০) নামে এক নারী। এ ঘটনায় প্রেমিক সুজনকে (৪০) আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে এ হত্যাকাণ্ড ঘটে।
গুরুতর আহত অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামলীর গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজধানীর আজিমপুরে থাকতেন। আর ঘাতক সুজনের বাড়ি পাবনায়।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই উপস্থিত জনতার সহায়তায় সুজনকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সুজন জানায়, শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী বিয়ে করতে রাজি না হওয়ায় এবং অন্যত্র প্রেমের সম্পর্ক আছে বলে সন্দেহ করায় ক্ষোভ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। এ জন্য তিনি বাসা থেকে ধারালো চাকু নিয়ে আসেন। পরে বেড়ানোর কথা বলে কৌশলে শ্যামলীকে রেলস্টেশনের নির্জন স্থানে ডেকে নিয়ে মুখমণ্ডল ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন।








