কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের দেখে কয়েক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারে পালিয়ে যায় অনুপ্রবেশকারী চোরাকারবারিরা। এ সময় তাদের লুকানো বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে: জি-৩ রাইফেল দুটি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে২) একটি, এলএম-১৬১ একটি এবং আটটি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “টেকনাফের খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পায় বিজিবি। কিন্তু বিজিবি সদস্যদের দেখা মাত্রই তারা কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকায় পালিয়ে যায়। পরে খরের দ্বীপ এলাকায় তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় জি-৩ রাইফেল দুটি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে২) একটি, এলএম-১৬১ একটি এবং আটটি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তা এবং জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক বা অবৈধ অস্ত্র—কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি বা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে।”
ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান বা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শনাক্তকরণের চেষ্টা চলছে।
ওই বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।








