বরিশাল ব্যুরো চীফ:
সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষককে অনতিবিলম্বে বহিষ্কার এবং প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ করার দাবি জানিয়ে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে হামলায় অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে দেয়াল লিখনের আয়োজন করেন।
এর আগে ২৬ আগস্ট শিক্ষার্থীরা হামলায় অভিযুক্ত তিন শিক্ষককে ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন করে এবং চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতা পালন করেছিলেন।

শিক্ষার্থীরা বলেন, “নার্সিং কলেজের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। গত ৬ মে আমাদের আন্দোলনের সময় বহিরাগতদের মাধ্যমে হামলা চালানো হয়েছিল। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। কিন্তু ঘটনার দীর্ঘ চার মাস পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তারা আরও জানান, “শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে আছেন। আমাদের লাঞ্ছিত করার পরও যারা ক্যাম্পাসে আছেন, তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে। নয়তো আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।”








