বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্যুরো চীফ, বরিশাল:

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ফের মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভে নামেন। এতে দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এর আগে গত রবিবার শিক্ষার্থীরা একই মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধের পর সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইউজিসির পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে।

আন্দোলনকারী শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট কাটেনি। সাতটি অনুষদের ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। অথচ আছে মাত্র ৩৬টি। ফলে প্রায়ই খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে। শিক্ষক-সংকট ও শ্রেণিকক্ষের অভাবে সেশনজট বাড়ছে।”

তিনি আরও বলেন, “আবাসন, শিক্ষক, পরিবহন ও লাইব্রেরিতে বই সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন শিক্ষার্থীরা ফিটনেসবিহীন গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে বাধ্য হচ্ছেন।”

ববির ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তবে প্রতিটি কাজের একটি প্রক্রিয়া আছে। নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত শুরু হবে। জমি অধিগ্রহণ নিয়েও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে, তিনি এ ব্যাপারে ইতিবাচক। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরে গাড়ি কেনা হবে।”

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ