দিব্যতনু দাস, বাগেরহাট :
বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার মালগাজী এলাকাস্থ নিজ বসতবাড়ি থেকে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত।
গ্রেফতারকৃত কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি সম্প্রতি মোংলার চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, তবে ভোটে হেরে যান। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে।”








