কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বাদল ভূঁইয়া নামের এক ব্যক্তি। বুধবার বিকেলে কড়িকান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাদল ভূঁইয়া কলাকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল ভূঁইয়ার প্রথম সংসারে ১০ বছর বয়সী এক ছেলে রয়েছে। মা–বাবার বিচ্ছেদের পর থেকে ছেলেটি ফুফুর পরিবারের কাছে বড় হচ্ছে। ২০২১ সালে বাদল দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে তিন বছরের যমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদের পর তিনি সম্প্রতি তৃতীয় বিয়ে করেন। তৃতীয় স্ত্রী আগের সংসার থেকে সাত বছর বয়সী এক কন্যাসন্তান নিয়ে এসেছেন।
কিছুদিন আগে বাদল ও তাঁর তৃতীয় স্ত্রী কড়িকান্দি বাজারের ফোর স্টার টাওয়ারের দ্বিতীয় তলায় একটি ফুসকা ও চটপটির দোকান দেন। তবে ছেলেমেয়েদের ভরণপোষণ বন্ধ করে দেওয়ায় তাঁর সাবেক স্ত্রী, রাজাপুর গ্রামের সাহেদ আলীর মেয়ে হাজেরা আক্তার, গত ২২ জুন আদালতে মামলা করেন। মামলার পর আদালত বাদল ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, “বাদল ভূঁইয়ার বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”








