অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, চার নির্বাচন কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার (২৭ আগস্ট) শেষ হয়েছে।
ইসি সচিবালয় জানায়, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি প্রস্তাবের পক্ষে জমা পড়ে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। বর্তমানে কেবল টাইপিং চলছে। আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা আজই প্রকাশ করা হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।”
নির্বাচনের রোডম্যাপে তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া আসনবিন্যাস নিয়ে পাবনা ও সিরাজগঞ্জ থেকে দাবি উত্থাপিত হয়েছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া ও বেড়া–সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।









