বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দংশন করা বিষধর সাপসহ হাসপাতালে আহত শিশু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল থেকে ফেরার পথে সাপের দংশনে আহত হয় এক শিশু। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে শিশুটি। পরে স্বজনরা দংশন করা বিষধর সাপসহ তাকে হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত শিশুটির নাম সাদিকুর রহমান (৮)। সে ওই গ্রামের জাহিদুল হকের ছেলে এবং বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির বাবা জাহিদুল হক জানান, “বাড়ি থেকে অল্প দূরে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় ধানক্ষেতে লুকিয়ে থাকা দাঁড়াশ সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। সাপসহ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরেছে। আল্লাহর কাছে দোয়া করছি আমার ছেলে দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

সাদিকুরের দাদী জামেনা বেগম বলেন, “আমার নাতিকে দংশন করার ১০ মিনিটের মধ্যে আমরা সাপসহ ফুলবাড়ী হাসপাতালে চলে আসি। সাপটি দাঁড়াশের বাচ্চা ছিল। আল্লাহর রহমতে এখন সে অনেকটাই সুস্থ।”

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ জানান, “দংশন করা সাপসহ রোগীকে আনা হয়েছিল বলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। সাপে কাটার সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে, তবে সাপটি যেহেতু বিষধর তাই তাকে কমপক্ষে তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে।”

তিনি আরও বলেন, “পরিবারটি অনেক সচেতন। তারা গ্রামে করিরাজ বা ওঝার কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে বলেই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ