মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ওই কলেজের বিতর্কিত তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গত মে মাসে শিক্ষার মানোন্নয়নের দাবিতে আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণ দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়নি। দাবিতে সাড়া না পাওয়ায় তারা কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা আরও জানান, ‎গত ৬ মে চার দফা দাবিতে সারাদেশের নার্সিং কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরাও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু সেই আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদদাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা ও হুমকি দেওয়া, ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণ এবং যৌন হয়রানিসহ গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগরকে কলেজ থেকে অপসারণ করা হয়নি।

এছাড়া, শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশগ্রহণ এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি ও ফরিদা বেগমও এখনও স্বপদে বহাল রয়েছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ