অনলাইন ডেস্কঃ
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে দুপুরের আগেই ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অবরোধ কর্মসূচি শুরু করলে কমিশন ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব আশরাফুল আলম। তিনি বলেন, “আজকের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকেই এ বিষয়ে জানানো হয়েছে।”
শিক্ষার্থীদের অবরোধের কারণে কমিশন ভবনে প্রবেশ ও বের হওয়ার পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কূটনীতিক ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হয়নি।
এদিকে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ শুরু করে। কর্মসূচির কারণে আগারগাঁও এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের সড়কগুলোতেও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে চলমান রাজনৈতিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে জানা যায়।









