দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন।
প্রতিযোগিতায় জেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অনূর্ধ্ব–১৭ বালিকা বিভাগে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনে উৎসাহিত করে এবং মোবাইল আসক্তি হ্রাসে সহায়ক ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, “বিতর্ক প্রতিযোগিতা জ্ঞানচর্চার অংশ। যারা বিতর্কে অংশ নেয় তারা ভালো ছাত্র হয়, আর যারা খেলাধুলা করে তারা সুস্থ ও আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মঈনুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।








