অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায়ভার নির্বাচনি কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নেই।”

আনোয়ারুল ইসলাম নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম বরদাশত করা হবে না।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
অন্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারা কৃচ্ছ্রসাধনের পরিবর্তে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।








